দেশের চিত্র ডেস্ক
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিস সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বসুন্ধরায় আমীরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মি. জেমস গোল্ডম্যান, হেড অব পলিটিক্যাল মি. টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) মিস কেট ওয়ার্ড উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে খোলামেলা মতবিনিময় করা হয়।
উভয় পক্ষ আশা প্রকাশ করেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে। এছাড়াও বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।