অনলাইন ডেস্ক
ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ভোলায় নিজ নির্বাচনী এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় তিনি বলেন, “১৭ বছর ধরে আমরা শুধু জোটটা টিকিয়ে রাখার জন্য লড়াই করেছি। এখন সেই জোটকে আরও শক্তিশালী করে এগিয়ে নিতে হবে। তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে—এটাই আমাদের স্বপ্ন।”
তিনি আরও বলেন, “সকাল-বিকেল দীর্ঘদিনের ত্যাগ ও কষ্টের লক্ষ্য একটাই—জাতীয়তাবাদী শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আনা। তারেক রহমানের স্বপ্ন একটি গণতান্ত্রিক, সফল ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা।”
বিএনপি ও বিজেপির মধ্যকার অতীতের বৈরী সম্পর্কের প্রসঙ্গ টেনে আন্দালিভ পার্থ বলেন, “আপনারা আমার ওপর রাগ করবেন না। আসুন, আমরা সবাই একসঙ্গে কাজ করি। আমার বিশ্বাস, ঐক্যবদ্ধভাবে কাজ করলে ভালো কিছু করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।”