1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরেন্দ্র মোদিকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানর, দিল্লির সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনই ‘সেরা সমাধান’ হতে পারে: ডোনাল্ড ট্রাম্প অর্থনীতিতে প্রত্যাশিত গতি আনতে পারেনি মুহাম্মদ ইউনূস-এর সরকার, চ্যালেঞ্জ সামনে নতুন প্রশাসনের ওভাররাইটিং ও ‘বিভ্রান্তিকর’ ব্যালটের অভিযোগে পুনর্গণনা দাবি মামুনুল হক-এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে: সালাহউদ্দিন আহমদ আলেমরা কেন হারলেন? একটি তাত্ত্বিক বিশ্লেষণ নিরঙ্কুশ জয় বিএনপির দেশজুড়ে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনসিপির মৌলভীবাজারের চার আসনেই বিএনপির জয় ইমাম থেকে সংসদ সদস্য: সিলেট-৫ আসনে আবুল হাসানের জয়

বড়লেখা সীমান্তে মাদককারবারিদের তাণ্ডব, আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার :

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারিদের তৎপরতা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। সীমান্ত এলাকায় মাদক উদ্ধারের ঘটনায় মামলার আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে। জানা গেছে, বিজিবির দায়ের করা একটি মাদক মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে সাদা পোশাকে পুলিশের একটি দল অভিযানে গেলে অপর আসামিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে অভিযুক্তকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে শনিবার রাতে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইসলামপুর গ্রামে মাদক উদ্ধার অভিযান চালায় বিজিবি। অভিযানের সময় মাদক চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। হামলার মধ্যেও বিজিবি দুই দফায় অভিযান চালিয়ে ১৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়।

এই ঘটনায় বিজিবি লাতু ক্যাম্পের হাবিলদার মং থোয়াই চিং মারমা বাদী হয়ে তিনজন মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার পর আসামিদের গ্রেপ্তারে তৎপর হয় পুলিশ। সোমবার বিকেলে মামলার প্রধান আসামি জড়াইত আলীকে আটক করে পুলিশ। তবে তাকে থানায় নেওয়ার আগেই তার বাবা হারিছ আলীর নেতৃত্বে অন্যান্য আসামি ও সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা জড়াইত আলীকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর থেকে শাহবাজপুর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদককারবারিরা প্রভাব বিস্তার করে আসছে, ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে জানান, বিজিবির দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তারের সময় অন্য আসামিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। তবে আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews