নিজস্ব প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় বিয়ে দিতে রাজি না হওয়ায় দশম শ্রেণিতে অধ্যয়নরত এক কিশোরী ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারসাইল গ্রামের এক প্রবাসীর কন্যা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী (১৫) স্কুলে যাতায়াতের সময় একই গ্রামের করিম মিয়ার ছেলে ফাহিম আহমদের দ্বারা দীর্ঘদিন ধরে উত্যক্তের শিকার হচ্ছিল। প্রেমের প্রস্তাবের নামে ওই যুবক তাকে প্রায়ই বিরক্ত করত।
ভুক্তভোগী ছাত্রী বিষয়টি তার মাকে জানালে তিনি অভিযুক্ত যুবকের অভিভাবক এবং স্থানীয়ভাবে বিষয়টি জানিয়ে বিচার প্রার্থনা করেন। একপর্যায়ে ফাহিম আহমদের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। তবে কিশোরী হওয়ায় মেয়ের বাবা-মা বিয়েতে সম্মতি না দিলে ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্তরা।
অভিযোগে বলা হয়, গত ৮ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে কামরীপুল সিএনজি স্ট্যান্ড এলাকায় ফাহিম আহমদ ও তার সহযোগীরা জোরপূর্বক ছাত্রীকে একটি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও ১৩ দিনেও কোনো অগ্রগতি না হওয়ায় বুধবার রাতে ভুক্তভোগীর মা জাহেদা বেগম প্রধান অভিযুক্ত ফাহিম আহমদসহ ছয়জনের বিরুদ্ধে বড়লেখা থানায় অপহরণ মামলা দায়ের করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, “জিডির পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার রাতে অপহরণ মামলা দায়ের করা হয়েছে। অপহৃত ছাত্রীকে উদ্ধারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”