সিলেট প্রতিনিধি
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পেশায় ইমাম, খতিব ও শিক্ষক ৫৯ বছর বয়সী এই প্রার্থী দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৭৯ হাজার ৩৫৫ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। ফলে আবুল হাসান ৯ হাজার ৫৮১ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন।
জকিগঞ্জ উপজেলার মাঝরগ্রামে জন্ম নেওয়া আবুল হাসান ১৯৯৩ সাল থেকে শিক্ষকতা পেশায় যুক্ত। ২০০০ সালের জুন মাস থেকে তিনি জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা হিসেবেও দায়িত্বে রয়েছেন।
বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হওয়ার পর তিনি বলেন, মহানবী (সা.) মিম্বর থেকে রাষ্ট্র পরিচালনার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই আদর্শ অনুসরণ করে তিনি মসজিদের মিম্বর থেকে সংসদ ভবনে গিয়ে দেশ ও জাতির সেবায় কাজ করতে চান।
তিনি আরও জানান, জকিগঞ্জ-কানাইঘাট এলাকাকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।