দেশের চিত্র প্রতিবেদন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন স্থানে এনসিপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ তুলে ধরেন। পোস্টে নির্বাচনে বিজয়ী প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিজয়ীরা যেন তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখেন। গণতান্ত্রিক উত্তরণের সূচনাতেই যদি বিরোধীদল ও ভিন্নমতের মানুষের ওপর নিপীড়ন শুরু হয়, তবে তা দেশের জন্য লজ্জাজনক হবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে একই রাতে এনসিপির সদস্য সচিব আকতার হোসেন পৃথক এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, বিকাল থেকে হারাগাছ এলাকায় বিএনপির নেতাকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।
তার দাবি, হামলাকারীরা কয়েকজনকে মারধর করে আহত করেছে, একাধিক বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে এবং মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করেছে। এমনকি বাড়িঘরে অগ্নিসংযোগের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।