নিজস্ব প্রতিবেদক
গতকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত ফল অনুযায়ী ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফল প্রকাশ করা হয়েছে। বাকি দুইটি আসনের ফল আদালতের নির্দেশনা অনুযায়ী পরে ঘোষণা করা হবে। এছাড়া প্রার্থীর মৃত্যুজনিত কারণে একটি আসনের নির্বাচন স্থগিত রয়েছে।
ফলাফলে দেখা গেছে, বিএনপি ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এক সময়ের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৮টি আসনে জয় পেয়েছে।
এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসনে বিজয়ী হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস—প্রতিটি দল ১টি করে আসনে জয়লাভ করেছে। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত ২৯৭ আসনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে অংশগ্রহণের হার ছিল ৬০.২৬ শতাংশ।
ইসি জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে বিজয়ীদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হবে। এরপর সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের প্রক্রিয়া শুরু হবে।
নির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে সরকার গঠন ও শপথ আয়োজন নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পরই নতুন সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত রূপ পাবে।