অনলাইন ডেস্ক
ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ চাওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
সালাহউদ্দিন দাবি করেন, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেবে বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সাম্প্রতিক নির্বাচন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তার ভাষ্য অনুযায়ী, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে।
তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত সংসদ স্বাধীনতার পর সবচেয়ে কার্যকর আইন প্রণয়নকারী সংসদ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। নতুন সরকারের অগ্রাধিকার হিসেবে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন এবং দুর্নীতি দমনের বিষয়গুলো উল্লেখ করেন।
সালাহউদ্দিন আরও বলেন, এবারের নির্বাচনে দলের বিজয় প্রত্যাশিত ছিল এবং নেতৃত্বকে ঘিরে জনগণের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তার মতে, এ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে।
এ সময় তিনি ‘জুলাই সনদ’-কে রাজনৈতিক সমঝোতার প্রতীক হিসেবে উল্লেখ করে তা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী মেধা ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।