আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করার অভিযোগে ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আটক ব্যক্তিরা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে পুলিশ।
গত রোববার (১৫ ফেব্রুয়ারি) কলকাতার কলিন স্ট্রিটের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, আটকরা ২৫ থেকে ৩৫ বছর বয়সী এবং বাংলাদেশের নোয়াখালী ও টাঙ্গাইল জেলার বাসিন্দা। তাদের কাছ থেকে ছয়টি বৈধ বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
আটকদের নাম আবির হোসেন, মহম্মদ মামুন রশিদ, মহম্মদ আলিমুন গাজি, আজম মোল্লা, ফয়জল আমিন ও জায়দুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, তারা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও দেশটিতে অবস্থান করছিলেন। পার্ক স্ট্রিট এলাকার একটি হোটেলে কয়েকজন বিদেশি দীর্ঘদিন ধরে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। হোটেলের একটি কক্ষে একসঙ্গে ছয়জন বাংলাদেশিকে পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা গত বছর আলাদাভাবে ভারতে আসেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে চিকিৎসার জন্য ভিসা নেন। পরবর্তীতে একে অপরের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন হোটেলে অবস্থান করেন। অর্থ সংকট দেখা দিলে চলতি মাসের শুরু থেকে কলিন স্ট্রিটের ওই হোটেলের একটি কক্ষে একসঙ্গে থাকছিলেন।
পুলিশের ভাষ্য, গত বছরের নভেম্বর থেকে তাদের ভিসার মেয়াদ শেষ হতে শুরু করে এবং চলতি বছরের জানুয়ারির মধ্যে সবার ভিসাই সম্পূর্ণভাবে মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। এরপরও তারা দেশে ফেরেননি।
আটকদের মধ্যে আজম মোল্লা পেশায় সংগীতশিল্পী বলে জানা গেছে। কলকাতায় অবস্থানকালে তিনি পরিচিতজনদের মাঝে গান পরিবেশন করতেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। গ্রেপ্তারের সময় তার কাছে একটি গিটার ছিল।
সোমবার তাদের কলকাতার ব্যাংকশাল আদালতে হাজির করা হলে বিচারক ছয়জনকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। কলকাতা পুলিশ জানিয়েছে, সাজা বা আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
পুলিশের দাবি, আটকরা দেশে ফিরতে অনাগ্রহ প্রকাশ করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষ্পত্তি হবে বলে জানা গেছে।