নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল মৌলভীবাজার সদর ও রাজনগর আসনের জন্য ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় মৌলভীবাজার শহরের রুমেল কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার তুলে ধরেন।
ইশতেহার ঘোষণাকালে মাওলানা আহমদ বিলাল বলেন, মৌলভীবাজার সদর ও রাজনগর তাঁর গর্ব ও অহংকার। এই জনপদকে পরিকল্পিত, উন্নত, পরিবেশবান্ধব ও নিরাপদ এলাকায় রূপান্তর করাই তাঁর মূল লক্ষ্য। একই সঙ্গে শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পূর্ণাঙ্গ ডিজিটাল নগরীতে পরিণত করার অঙ্গীকার করেন তিনি।
ইশতেহারের শুরুতেই তিনি মৌলভীবাজার সদর ও রাজনগরের প্রতিটি মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। বয়স্ক ও শিশু ভাতা কার্যকরভাবে বাস্তবায়ন, ভূমিহীন ও অসহায় মানুষের পুনর্বাসন কার্যক্রম জোরদার করার কথাও উল্লেখ করেন।
শিক্ষা খাতে মৌলভীবাজার সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, রাজনগর ডিগ্রি কলেজ, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা এবং রাজনগর দারুসসুন্নাহ ফাজিল মাদরাসার অবকাঠামো উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন ও অনার্স–মাস্টার্স পর্যায়ে আসন সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি উলামায়ে কেরামের পরামর্শে কওমি মাদরাসা শিক্ষার মানোন্নয়নে উদ্যোগ নেওয়ার কথা জানান।
তিনি মৌলভীবাজার সদরে একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় অথবা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জাতীয় সংসদে উত্থাপন ও বাস্তবায়নের অঙ্গীকার করেন। একই সঙ্গে প্রবাসগামী যুবকদের দক্ষতা উন্নয়নে একটি আধুনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি দেন।
স্বাস্থ্য খাতে মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে উন্নীত করার প্রক্রিয়া শুরু, গরিব রোগীদের জন্য পর্যাপ্ত আইসিইউ বেড ও স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা নিশ্চিত করার কথা বলেন তিনি। সদর ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকারও করেন।
মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর আইন প্রয়োগ, তরুণদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ এবং জননিরাপত্তায় জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দেন মাওলানা আহমদ বিলাল। সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণের কথাও ইশতেহারে উল্লেখ রয়েছে।
এ ছাড়া জলাবদ্ধতা নিরসনে মাস্টার ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন, পৌরসভার নাগরিক সেবা ডিজিটাল করা, যানজট নিরসনে ফ্লাইওভার বা বাইপাস সড়ক নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পনগরী ও আইটি পার্ক স্থাপনসহ কৃষি, হাওর, চা শ্রমিক, পর্যটন ও অবকাঠামো উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি।
ইশতেহারের শেষাংশে মাওলানা আহমদ বিলাল বলেন, ক্ষমতা নয়—সেবাই তাঁর রাজনীতি। জনগণের ভোট ও সমর্থন পেলে মৌলভীবাজার ও রাজনগরকে একটি আধুনিক, স্বনির্ভর ও নিরাপদ জনপদে রূপান্তর করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।