ডেস্ক রিপোর্ট
কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তরের পরীক্ষা দাওরায়ে হাদীসের আনুষ্ঠানিক কার্যক্রম আজ মঙ্গলবার সারাদেশে শুরু হয়েছে। ৭ শা‘বান ১৪৪৭ হিজরি মোতাবেক ২৭ জানুয়ারি ২০২৬ থেকে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর তত্ত্বাবধানে সারাদেশের ২৫৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। চলতি বছর দাওরায়ে হাদীস পরীক্ষায় মোট ২৩ হাজার ৮৮১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ২৬৮ জন এবং ছাত্রী ৮ হাজার ৬১৩ জন।
পরীক্ষা শুরুর প্রাক্কালে আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান (দা.বা.), কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান (দা.বা.) এবং স্থায়ী কমিটির সদস্যরা দেশবাসী, উলামায়ে কেরাম ও সংশ্লিষ্ট সকলের কাছে পরীক্ষার্থীদের সফলতার জন্য বিশেষ দোয়ার আবেদন জানিয়েছেন।
একই সঙ্গে তাঁরা পরীক্ষার্থী, নেগরান (পরিদর্শক), সংশ্লিষ্ট মাদরাসা ও মারকায কর্তৃপক্ষসহ পরীক্ষা পরিচালনায় যুক্ত সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পরীক্ষাটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করতে রাষ্ট্র, সরকার, সমাজ ও গণমাধ্যমের সহযোগিতাও কামনা করা হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে সরকারি অনুমোদনের আগে দাওরায়ে হাদীস পরীক্ষা দেশের বিভিন্ন আঞ্চলিক বোর্ডের মাধ্যমে অনুষ্ঠিত হতো। পরে দেশের শীর্ষ ছয়টি বোর্ডকে একীভূত করে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশকে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই এই কর্তৃপক্ষের অধীনেই দাওরায়ে হাদীস পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।
দাওরায়ে হাদীস পরীক্ষা কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তরের পরীক্ষা হিসেবে পরিচিত এবং আলেম-উলামা গঠনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।