ডেস্ক রিপোর্ট
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার প্রেক্ষাপটে স্পেন ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে। এ পরিস্থিতিতে স্পেনের উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মনতেরো স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “স্পেন কখনোই যুক্তরাষ্ট্রের দাস হবে না।”
মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্পেন কোনো দেশের চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না। ইরানে সম্ভাব্য মার্কিন হামলার জন্য স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের পক্ষে দৃঢ় অবস্থান নেন তিনি।
মনতেরো বলেন, “আমরা কারও অনুগত ভৃত্য নই। আমাদের নিজস্ব মূল্যবোধ ও জাতীয় স্বার্থ আছে, এবং সেগুলো রক্ষায় আমরা আপস করব না।”
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন, ইরানবিরোধী অভিযানে সহযোগিতা না করলে স্পেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনা করা হতে পারে। তাঁর এমন মন্তব্য দুই দেশের সম্পর্ককে নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছে।
এর আগে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ এক টেলিভিশন ভাষণে চলমান উত্তেজনাকে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “প্রতিশোধমূলক সংঘাত বিশ্বকে অস্থিতিশীল করে তুলতে পারে। আমরা এমন কোনো পদক্ষেপের অংশ হব না, যা আন্তর্জাতিক শান্তি, আমাদের মূল্যবোধ বা স্বার্থের পরিপন্থী।”
বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ভিন্নমত স্পষ্ট হয়ে উঠছে। স্পেনের এই অবস্থান ইউরোপীয় কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
সূত্র: আলজাজিরা।