দেশের চিত্র প্রতিবেদক
সিরাজগঞ্জ-১ (কাজীপুর–সদরের একাংশ) আসনে মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কাজীপুর উপজেলার সোনামুখী এলাকায় এ ঘটনা ঘটে। এতে জামায়াতের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে দাবি দলের।
আহতদের মধ্যে পিপুলবাড়িয়া আঞ্চলিক শাখার সভাপতি আ. আওয়াল, ছোনগাছা ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম এবং সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি নুর আলম—তিনজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কাজীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেনসহ অন্যান্য আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাওলানা শাহীনুর আলম জানান, রাতে সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে একটি ইসলামি জলসায় যোগ দিলে সেখানে তাঁর বক্তব্যে বাধা দেওয়া হয় এবং কর্মীদের মারধর করা হয়। পরে জলসা থেকে ফেরার পথে সোনামুখী এলাকায় পৌঁছালে বিএনপি নেতা-কর্মীরা অতর্কিতভাবে তাঁর বহরে হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।
অন্যদিকে সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী সেলিম রেজা এসব অভিযোগ অস্বীকার করে বলেন,
“জামায়াতের অভিযোগ ভিত্তিহীন। নিজেদের মধ্যে বা নিষিদ্ধ আওয়ামী লীগ বাহিনীর অভ্যন্তরীণ সংঘর্ষ ঢাকতে তারা বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। আমরা মাহফিল শেষে শান্তিপূর্ণভাবে বাসায় ফিরেছি—কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি।”
এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েতুর রহমান বলেন,
“মাহফিলে জামায়াত ও বিএনপির দুই প্রার্থীই উপস্থিত ছিলেন। স্লোগান নিয়ে উভয় পক্ষের কর্মীদের মধ্যে সামান্য ধাক্কাধাক্কি হয়। ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং এখন পর্যন্ত টহল অব্যাহত আছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”