1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

ব্যাংক লুটে জড়িতদের ফেরার সুযোগ দিলে নতুন সংকট তৈরি হতে পারে: বিএবি সভাপতি

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬

অর্থনীতি ডেস্ক

অতীতে ব্যাংকিং খাতে অনিয়ম ও লুটপাটে জড়িত ব্যক্তিদের পুনরায় ফেরার সুযোগ দেওয়া হলে ব্যাংক খাতে নতুন করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) সভাপতি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল হাই সরকার বলেন, ব্যাংক রেগুলেশন (সংশোধিত) আইনের একটি ধারায় অতীতে ব্যাংক থেকে অর্থ আত্মসাৎকারীদের ফেরার সুযোগ রাখা হয়েছে, যা নিয়ে ব্যাংকারদের মধ্যে উদ্বেগ রয়েছে।

তিনি বলেন, “যারা ব্যাংক খাত থেকে টাকা নিয়ে গেছে, তাদের পরিচয় সাধারণ মানুষও জানে। তাদের আবার ফিরতে দিলে ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থা আরও কমে যেতে পারে এবং নতুন সংকটের সৃষ্টি হতে পারে।”

বৈঠকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক এ কে আজাদ, ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, পূবালী ব্যাংকের চেয়ারম্যান মনজুরুর রহমান এবং ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী উপস্থিত ছিলেন।

বিএবি সভাপতি জানান, গভর্নর তাদের আশ্বস্ত করেছেন যে সংশোধিত আইনের ১৮(ক) ধারার শর্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না করে সাবেক মালিকদের ফেরার সুযোগ দেওয়া হবে না। পাশাপাশি পাঁচটি ব্যাংকের চলমান একীভূতকরণ প্রক্রিয়াও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আব্দুল হাই সরকার আরও বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ নীতিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হলে সিদ্ধান্তগুলো আরও গ্রহণযোগ্য ও কার্যকর হতে পারত।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews