নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। বিএনপির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা (৪৫) এবং পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম (৪০)।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি সন্ধ্যার দিকে বেন্দারচর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে তাঁদের ওপর হামলা হয়।
এতে কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শাহীন ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, মোটরসাইকেল শোভাযাত্রার পেছনে থাকা দুই ব্যক্তির ওপর অতর্কিত হামলা চালানো হয়। তাঁদের মারধর করা হলে পরে দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ওসি। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।