লন্ডন প্রতিনিধি
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। গত ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে জিজ্ঞাসাবাদ ও তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিদের সবাইকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ ব্যবস্থাপক ন্যান্সি বাউহার্স্ট গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার হাই রোডে অবস্থিত মে ফেয়ার ভেন্যুতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে গাছের ডাল দিয়ে এনসিপির নেতাকর্মীদের মারধরের অভিযোগ ওঠে।
মেট্রোপলিটন পুলিশ জানায়, ঘটনার দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোড এলাকায় বিশৃঙ্খলার খবর পায় তারা। ওই ঘটনায় প্রায় ৫০ জন পুরুষ জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে পুলিশকে জানানো হয়। তাঁদের মধ্যে কয়েকজন সহিংসতায় জড়িয়ে পড়েন, বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন এবং সম্পত্তির ক্ষতিসাধন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখান থেকে সরে যান।
সংঘর্ষের ঘটনায় আহত তিনজনকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁদের কারও আঘাত গুরুতর ছিল না।
ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ব্যাপক তদন্ত শুরু করে পুলিশ। এর অংশ হিসেবে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। তদন্তের ধারাবাহিকতায় গত ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে ২৩, ২৪, ২৫, ৩১, ৩৮ ও ৪৯ বছর বয়সী ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের ১৯৮৬ সালের পাবলিক অর্ডার অ্যাক্টের ২ নম্বর ধারায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত থাকার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
তদন্তের নেতৃত্বে থাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মালকাহি বলেন, এ ধরনের সহিংসতা রেডব্রিজ এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। অনেকেই নিজেদের বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছিলেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তাঁর দল নিরলসভাবে কাজ করছে।
এদিকে, সংঘর্ষের ঘটনায় এনসিপির কোনো নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন—এমন খবর অস্বীকার করেছে দলটি। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এহতেশামুল হক জানিয়েছেন, তাঁদের দলের কেউ গ্রেপ্তার হননি।
অন্যদিকে, আওয়ামী লীগের অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস জানিয়েছেন, তাঁদের ছয় থেকে সাতজনকে পুলিশ ফোন করে থানায় যেতে বলেছিল। তিনি শুক্রবার বেলা ৩টার দিকে থানায় গিয়ে পুলিশের কাছে নিজের বক্তব্য দেন এবং রাত ১০টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তাঁর দাবি, অন্যদেরও পুলিশ ছেড়ে দিয়েছে।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে সহায়তার জন্য কারও কাছে প্রাসঙ্গিক সিসিটিভি বা গাড়ির ড্যাশক্যামের ফুটেজ থাকলে ১০১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে CAD 7004/16NOV রেফারেন্স নম্বর উল্লেখ করতে অনুরোধ জানিয়েছে পুলিশ।