আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযানের প্রেক্ষাপটে কড়া সতর্কবার্তা দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, ইরানের ভূখণ্ডে কোনো ধরনের স্থল হামলা চালানো হলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে এবং সশস্ত্র বাহিনী এ বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশের বিভিন্ন অঞ্চলে মোতায়েন থাকা স্থল, নৌ, বিমান ও বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারদের উদ্দেশে দেওয়া এক অনলাইন ভাষণে হাতামি বলেন, যেকোনো শত্রুতামূলক পদক্ষেপ মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি সংশ্লিষ্ট বাহিনীকে শত্রুপক্ষের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
সেনাপ্রধান আরও বলেন, ইরানের মূল লক্ষ্য হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কোনো অবস্থাতেই দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি হতে দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে হাতামি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অবস্থান ইরানের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর মতে, এ ধরনের বক্তব্য আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক প্রতিক্রিয়া এবং পাল্টা হামলার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
সাম্প্রতিক সময়ের এসব ঘটনাকে ঘিরে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছে। বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ও সামরিক প্রস্তুতি পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে বলে বিশ্লেষকদের মত।