1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান

  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিজের ছবি বিকৃত করে ভুয়া ও অশ্লীল ভিডিও তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

শনিবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার প্রতিপক্ষ এআই প্রযুক্তির মাধ্যমে তার মাথার ছবি অন্য একটি শরীরে সংযুক্ত করে একটি ভুয়া ও বিকৃত ভিডিও তৈরি করেছে।

এম নাসের রহমানের ভাষ্য, এ ধরনের কনটেন্টের মাধ্যমে তাকে এবং তার রাজনৈতিক দলকে জনসম্মুখে ছোট করার অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি জানান, ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট ডিজিটাল আলামত সংরক্ষণ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া, সরকারের একটি বিশেষায়িত সংস্থা অভিযুক্তদের আইনের আওতায় আনতে এবং তাদের গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে এম নাসের রহমান বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো এআই-নির্মিত ভুয়া ভিডিও, ছবি বা বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার বা প্রচার করা উচিত নয়। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কনটেন্ট প্রচার বা পুনঃপ্রচারও প্রচলিত তথ্যপ্রযুক্তি আইনে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং কোনো তথ্যের সত্যতা যাচাই ছাড়া তা প্রচার থেকে বিরত থাকতে হবে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews