1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন: বাংলাদেশ কোন পথে যাবে? হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্রের অভিযোগ, রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার নেপথ্যে পরীক্ষার চাপ ও প্রশ্ন ফাঁস সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা করে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বাড়ার দাবি, তিন মাসে নিহত ২৫ বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়, গুলি ও চিঠি এআই দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও তৈরি, আইনি ব্যবস্থার কথা জানালেন এমপি নাসের রহমান পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা, নিহত ৯ পুলিশ সদস্য

দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর, ইউরোপে যাওয়ার চেষ্টা: পারিবারিক সূত্র

  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের একটি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বলে দাবি করেছে তার পারিবারিক সূত্র।

সূত্রটির দাবি, গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন। এর আগে ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

তবে আদালতের শর্ত অনুযায়ী, বেনজীর আহমেদ আপাতত দুবাই ত্যাগ করতে পারবেন না। এছাড়া তার পাসপোর্টও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে। যদিও পারিবারিক সূত্রের দাবি, মুক্তির পর তিনি ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন।

এদিকে বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। একইভাবে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও অন্যান্য আইনি বিষয় নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে তাকে জামিন প্রদান করেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। দুবাই পুলিশের সহায়তায় এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় ওই অভিযান পরিচালিত হয়। গত ১২ জুন এক চিঠির মাধ্যমে এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করে দুবাই পুলিশ।

দুদক বর্তমানে বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ একাধিক অভিযোগ তদন্ত করছে। ওই তদন্তের ধারাবাহিকতায় আন্তর্জাতিক পর্যায়েও তার বিরুদ্ধে বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র‌্যাবের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে সেই তালিকায় বেনজীর আহমেদের নামও অন্তর্ভুক্ত হয়।

এছাড়া ২০২৪ সালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পর দুদক তদন্ত শুরু করে। অভিযোগ ওঠার পর তিনি দেশ ত্যাগ করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় এবং আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews