দেশের চিত্র ডেস্ক
বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি হলেও তিনি জনগণের পাশে থেকে সেবা করতে চান।
মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হব। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করব।’
তিনি আরও বলেন, ‘যতই ব্যস্ত থাকি না কেন, সব সময় জনগণের জন্য এবং এলাকার উন্নয়নে পাশে থাকব।’
সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা তাঁকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানান। এ সময় মির্জা ফখরুল আবেগাপ্লুত হয়ে পড়েন এবং রাষ্ট্রপতি পদে তাঁকে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানান।
পরে তিনি সাংবাদিক ফোরামের নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন, তাঁদের খোঁজখবর নেন এবং বিভিন্ন পরামর্শ দেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক ও সমকালের দেলোয়ার হোসেন, বাসসের প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদ, সহসভাপতি ও স্টার টিভির মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও কালবেলার শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক ও বাসসের জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ও ৭১ টেলিভিশনের আব্দুল লতিফ, প্রচার সম্পাদক ও জিটিভির সাজ্জাদ হোসেন এবং নারীবিষয়ক সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের মোছা. শিউলী বেগম নাহিদ।
এ ছাড়া সংগঠনের কার্যনির্বাহী সদস্য ৭১ টেলিভিশনের নূর তাজমিন নীর, স্টার টিভির ফরহাদ বিন নূর, কালের কণ্ঠের মো. নবাব শরীয়তুল্লাহ (সৌম্য সরকার), সাম্প্রতিক দেশকালের নাসরিন আখতার, যুগান্তরের ইমরান খান, চ্যানেল আইয়ের তাফহিমুল ইসলাম ও এবিপির বিশেষ প্রতিনিধি আবু সাঈদ উপস্থিত ছিলেন।
সংগঠনের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক মশিউর রহমান, প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ এবং বাসসের জ্যেষ্ঠ সহসম্পাদক মাহাবুর আলম সোহাগও এ সময় উপস্থিত ছিলেন।