দেশের চিত্র ডেস্ক
ডিসেম্বরকে সামনে রেখে দেশের একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ ধরনের তৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন অব্যাহত রাখা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠকে পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ, কারখানার উৎপাদন পরিস্থিতি এবং শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখে মজুরি নির্ধারণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, শ্রমিকদের আন্দোলনের সঙ্গে কোনো শ্রমিক সংগঠন জ্বালাও-পোড়াওয়ে জড়িত নয় বলে সরকার মনে করছে। কারখানার মালিকদের সঙ্গে সমন্বয় করে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সচল রাখার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যারা সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন। তবে মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সরকার।
শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা এবং শিল্পকারখানার উৎপাদন সচল রাখা এই তিন বিষয়কে সামনে রেখে পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।