পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (২ মে) দুপুরে রাজধানীর রমনা মডেল থানা পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন কার্যক্রম, কক্ষ ও হাজতখানার সার্বিক অবস্থা ঘুরে দেখেন।
এ সময় মন্ত্রী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিউটি অফিসারসহ অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের কাজের অবস্থা, সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজখবর নেন এবং মনোযোগ দিয়ে বক্তব্য শোনেন।
স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের সততা, দায়িত্ববোধ ও মানবিক আচরণ বজায় রেখে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, জনগণের আস্থা অর্জনই হতে হবে পুলিশের প্রধান লক্ষ্য।