1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

রাষ্ট্রপতির পদত্যাগে নতুন অধ্যায়, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার তিনি সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। তাঁর পদত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন একটি সাংবিধানিক অধ্যায়ের সূচনা হলো।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মো. সাহাবুদ্দিন। দায়িত্ব ছাড়ার পর তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে অবস্থান করবেন এবং পরবর্তী সময়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন।

সরকারি সূত্র বলছে, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকার কোনো চাপ সৃষ্টি করেনি। তিনি ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিক প্রক্রিয়ায় পদত্যাগ করতে পারেন।

সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বর্তমান আইন অনুযায়ী জাতীয় সংসদের সদস্যদের ভোটেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তবে মেয়াদ পূর্ণ হওয়ার প্রায় দুই বছর আগেই তিনি দায়িত্ব ছাড়লেন। তাঁর মেয়াদকালে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন, অন্তর্বর্তী সরকারকে শপথবাক্য পাঠ করানো এবং শেখ হাসিনার পদত্যাগপত্র সংক্রান্ত বক্তব্যকে কেন্দ্র করে তিনি একাধিকবার রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে আসেন।

এদিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। সংশ্লিষ্ট মহলের ধারণা, সংবিধান নির্ধারিত সময়সীমার মধ্যেই সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে।

 

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews