দেশের চিত্র প্রতিবেদক
দেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কমেনি; বরং এসব কর্মকাণ্ড আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দপ্তরকে ‘ফ্যাসিবাদের পাহারাদার’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নানা প্রতিকূলতা ও দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশ একটি গণতান্ত্রিক পরিবেশে পৌঁছালেও কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো পুরোপুরি আসেনি।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের একটি কমিউনিটি সেন্টারে এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের পূর্ণাঙ্গ সংস্কারের প্রত্যাশা থেকেই রাজনৈতিক পরিবর্তনের দাবি উঠেছিল। তখন বলা হয়েছিল, নির্বাচন অনুষ্ঠিত হলে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হবে। কিন্তু নির্বাচন হওয়ার পরও পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি।
তিনি বলেন, ‘নির্বাচন হলেও বাস্তবে চাঁদাবাজি, দুর্নীতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে।’
আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গেও সতর্কবার্তা দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, নির্বাচনে চাঁদাবাজি, দুর্নীতি কিংবা সন্ত্রাসের অর্থ ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করা হলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শক্তিগুলো আবারও ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে অবস্থান নেবে।
তিনি আরও বলেন, নির্বাচনে অর্থ ও পেশিশক্তির ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।