1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

বিএনপিকে ক্ষমতায় রাখতে চাইলে চাঁদাবাজি-ধান্দাবাজি ছাড়তে হবে: ফজলুর রহমান

  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেস্ক

বিএনপিকে ক্ষমতায় রাখতে হলে দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট দেখানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

রোববার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাশকতা, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

ফজলুর রহমান বলেন, বিএনপি ও তারেক রহমানকে ক্ষমতায় রাখতে হলে দলের নেতাকর্মীদের আচরণে সংযত হতে হবে। চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট দেখানোর মতো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। কারণ দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন।

তিনি দলের নেতাকর্মীদের গত দুই বছরে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে দলীয় নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

বক্তব্যে জামায়াতে ইসলামী নিয়েও সমালোচনা করেন ফজলুর রহমান। তিনি জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বলেন, দলটির ওপর আস্থা রাখা যায় না। এ সময় তিনি জামায়াতের আমিরের বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার বক্তব্যের প্রসঙ্গও উল্লেখ করেন।

ফজলুর রহমান আরও বলেন, তারেক রহমান মানুষের সঙ্গে প্রতারণা করতে পারেন না। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে তার পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews