1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

মুক্তি পেলে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে যাবেন না ইমরান খান

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকে মুক্তি পেলে দেশটির সেনাবাহিনী বা সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সংঘাতে জড়াবেন না বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র জুলফিকার বুখারি।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বুখারি বলেন, ইমরান খান মুক্তি পেলে এমন কোনো পদক্ষেপ নেবেন না, যা দেশের ক্ষতি করতে পারে। তিনি ইমরান খানকে ‘উদারমনা’ হিসেবে বর্ণনা করে বলেন, দেশের বৃহত্তর স্বার্থে সামরিক নেতৃত্বের সঙ্গে সরাসরি বিরোধে না গিয়ে নিজের ক্ষোভ ও কষ্ট নিয়ন্ত্রণে রাখা উচিত।

বুখারির এই বক্তব্যকে পাকিস্তানের রাজনীতিতে পিটিআইয়ের অবস্থানে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দলটির সমর্থকেরা সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, সামরিক নেতৃত্বের সঙ্গে বিরোধের জেরেই ২০২৩ সালে ইমরান খানকে কারাগারে পাঠানোর পেছনে মুনিরের ভূমিকা ছিল।

ইমরান খানও অতীতে আসিম মুনিরের কঠোর সমালোচনা করেছেন। তবে এবার তার ঘনিষ্ঠ সহযোগীর বক্তব্যে সামরিক নেতৃত্বের সঙ্গে উত্তেজনা কমানোর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বুখারি বলেন, ‘ইমরান খান আগামীকাল মুক্তি পেলেও এমন কিছু করবেন না, যা কার্যত দেশের ক্ষতি করবে।’ সামরিক নেতৃত্বের সঙ্গে সংঘাতে না গিয়ে দেশের বৃহত্তর স্বার্থে ব্যক্তিগত কষ্ট ও ক্ষোভ নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ইমরান খানের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। ওই আইনি অগ্রগতির পরই বুখারি এসব মন্তব্য করেন। পরে চিকিৎসার জন্য ইমরান খানকে রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়।

তবে সামরিক নেতৃত্বের সঙ্গে পুনর্মিলন বা সংঘাত এড়িয়ে চলার বিষয়ে ইমরান খানের নিজস্ব অবস্থান কী, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: রয়টার্স

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews