অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সব বাংলাদেশিকে দেশটি থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ব্রিটিশ এমপি রুপার্ট লো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। তাঁর মন্তব্য ঘিরে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ তৈরি হয়েছে।
রুপার্ট লো যুক্তরাজ্যের গ্রেট ইয়ারমাউথ আসনের সংসদ সদস্য। তিনি বর্তমানে রিফর্ম ইউকে ছেড়ে রিস্টোর ব্রিটেনের সঙ্গে যুক্ত। মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লন্ডনের রমফোর্ডে বাংলাদেশিদের সংঘর্ষের প্রসঙ্গ তুলে ধরে বলেন, বাংলাদেশ বা বাংলাদেশিদের বিষয়ে তাঁর কোনো আগ্রহ নেই। একই সঙ্গে তিনি লেখেন, ‘সবাইকে বহিষ্কার করো।’
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লো তাঁর পোস্টে রমফোর্ডের সড়কে বাংলাদেশিদের রাজনৈতিক বিরোধে সংঘর্ষে জড়ানোর বিষয়টি উল্লেখ করেন। তিনি ঘটনাটিকে বাংলাদেশের রাজনৈতিক বিরোধের সঙ্গে যুক্ত করে মন্তব্য করেন।
রুপার্ট লো ২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। তিনি গ্রেট ইয়ারমাউথ আসনের প্রতিনিধিত্ব করছেন এবং বর্তমানে রিস্টোর ব্রিটেন দলের সঙ্গে যুক্ত।
এদিকে, এ সংঘর্ষের ঘটনায় যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ বলেছেন, তাঁদের দল ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের রাস্তায় সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিদেশি নাগরিকদের বহিষ্কার করা হবে। দলটির আরও কয়েকজন রাজনীতিকও অভিবাসননীতি ও বিদেশি রাজনৈতিক বিরোধ যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ার বিষয়ে মন্তব্য করেছেন।
গত সোমবার (১৬ নভেম্বর) রাতে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এনসিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। ব্রিটিশ পুলিশের তথ্য অনুযায়ী, তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক ছিল না বলে জানানো হয়।
এ ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা জানিয়েছে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
তবে উল্লেখ্য, একজন সংসদ সদস্যের এমন মন্তব্য যুক্তরাজ্য সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং যুক্তরাজ্যে বসবাসরত সব বাংলাদেশিকে বহিষ্কার করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অভিবাসনগত অবস্থাও এখন পর্যন্ত প্রকাশ্যে নিশ্চিত করা হয়নি।