1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

বাংলাদেশের অর্থনীতিতে মন্দার শঙ্কা, বড় সংকটে ব্যাংক খাত: দ্য ইকোনমিস্ট

  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দেশের চিত্র ডেস্ক

বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং খাত গভীর সংকটের মুখে পড়েছে বলে বিশ্লেষণ প্রকাশ করেছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। সাময়িকীটির ১৬ নভেম্বর প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, খেলাপি ঋণের ব্যাপক বৃদ্ধি, ব্যাংক থেকে অর্থ লুটপাট, বিনিয়োগে স্থবিরতা এবং রাজনৈতিক অনিশ্চয়তা দেশের অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি। এ হার ভারত ও পাকিস্তানের তুলনায় অনেক বেশি। ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতাও দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে অনিয়ম, প্রভাবশালী গোষ্ঠীর ঋণ গ্রহণ এবং অর্থ পাচারের অভিযোগ পরিস্থিতিকে জটিল করেছে।

বিশ্লেষণে বলা হয়েছে, ব্যাংকিং সংকটের প্রভাব ইতিমধ্যে বেসরকারি বিনিয়োগ ও ঋণপ্রবাহে পড়েছে। ২০২৫ সালে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল প্রায় ১০ শতাংশ। চলতি বছর তা কমে ৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে, যা ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ব্যাংক খাতের সংকটের পাশাপাশি জ্বালানির ঘাটতি, শিল্পকারখানায় ধর্মঘট এবং রাজনৈতিক অস্থিরতা উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দেশে দারিদ্র্যের হার বাড়তে পারে।

ব্যাংকগুলোর তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত প্রায় ৬২০ কোটি ডলার জরুরি সহায়তা দিয়েছে। তবে এ অর্থ সংকট কাটাতে যথেষ্ট নাও হতে পারে। ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিসের হিসাব অনুযায়ী, আগামী কয়েক বছরে ব্যাংক খাতে নতুন করে মূলধন জোগানোর প্রয়োজন হতে পারে, যার পরিমাণ জিডিপির ১০ শতাংশের সমান।

দ্য ইকোনমিস্টের বিশ্লেষণে বলা হয়েছে, ব্যাংক খাতের দুর্বলতা মোকাবিলায় কার্যকর সংস্কার জরুরি। কিন্তু সরকারের রাজস্ব আয় কম হওয়ায় সংকটে থাকা ব্যাংকগুলোকে পুনরুদ্ধারে বড় ধরনের আর্থিক সহায়তা দেওয়া কঠিন হতে পারে। বাংলাদেশের রাজস্ব আদায়ের পরিমাণ জিডিপির মাত্র ৭ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার তুলনায়ও কম।

প্রতিবেদনে রাজনৈতিক পরিস্থিতিকেও অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। সাময়িকীটির মতে, শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংক খাতে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তৈরি হয়েছিল, তার প্রভাব এখনো রয়ে গেছে। নতুন সরকারের সামনে ব্যাংক খাত সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ।

দ্য ইকোনমিস্টের বিশ্লেষণে সতর্ক করা হয়েছে, ব্যাংকিং খাতের সংস্কার কার্যকর না হলে বিনিয়োগ, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের দীর্ঘদিনের অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য ব্যাংক খাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews