মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক নেতা হাবিবুর রহমানকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ১৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ। মামলায় বেআইনিভাবে পথরোধ, হত্যার উদ্দেশ্যে মারধর, জখম ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে দিয়ে অটোরিকশায় যাচ্ছিলেন হাসিব আল ইসলাম। এ সময় হাবিবুর রহমানসহ একদল ব্যক্তি চাপাতি ও চায়নিজ কুড়াল নিয়ে তাঁদের পথরোধ করেন। পরে হাসিব ও তাঁর স্ত্রীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।
এজাহারে অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা ২০২৪ সালের আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের প্রসঙ্গ তুলে তাঁদের হত্যার হুমকি দেন। একপর্যায়ে প্রধান আসামি হাবিবুর রহমান ধারালো চাপাতি দিয়ে হাসিবের মাথায় কোপ দেওয়ার চেষ্টা করেন। হাসিব বাঁ হাত দিয়ে প্রতিহত করলে তাঁর কবজির নিচে গুরুতর জখম হয়। অন্য হামলাকারীরা লাঠি ও রড দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে হাসিব ও তাঁর স্ত্রীকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত হাসিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মামলার প্রধান আসামি হাবিবুর রহমান (২৬) শ্রীমঙ্গল ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা। তিনি ২০১৭ সালে শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ওই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বলেন, হাসিব চিকিৎসার জন্য ঢাকায় থাকায় তাঁর সঙ্গে আলোচনা করে মামলা করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলাটি রেকর্ড করা হয়েছে। ঘটনার পর থেকে প্রধান আসামি হাবিবুর রহমান পলাতক রয়েছেন। ভিডিও ফুটেজ সংগ্রহ করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।