1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাইবার বুলিং: প্রতিরোধ ও প্রতিকার আসিফ আদনান: ডিজিটাল যুগে বাংলাদেশের ইসলামপন্থী উগ্রবাদের নতুন মুখ নিও-জেএমবি: বাংলাদেশের নিরাপত্তার জন্য এক জটিল চ্যালেঞ্জ বাংলাদেশে হামাসের জঙ্গি তৎপরতা মোদিকে দেখতে অত্যন্ত ভদ্র মনে হলেও বাস্তবে ‘টোটাল কিলার’: ট্রাম্প বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জামিন পাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নিষিদ্ধের নেপথ্যে কী? গণআন্দোলন, অভিযোগ ও আইনি পদক্ষেপের বিশ্লেষণ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কবার্তা পুলিশের মানব পাচারের নতুন ফাঁদ: চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় তরুণদের বিক্রি এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত: ট্রাম্প

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্র ও দেশটির যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেট (আইএস)-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৫ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর সমন্বয়ে পরিচালিত অত্যন্ত পরিকল্পিত ও নিখুঁত অভিযানে বিশ্বের অন্যতম সক্রিয় ও বিপজ্জনক সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দীর্ঘমেয়াদি নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফ্রিকায় আত্মগোপনে থাকা আল-মিনুকির অবস্থান শনাক্ত করা হয়। পরে সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, আবু বিলাল আল-মিনুকি দীর্ঘদিন ধরে আফ্রিকায় অবস্থান করে আইএসের বৈশ্বিক নেটওয়ার্ক পরিচালনা করছিলেন। তার মৃত্যুতে সংগঠনটির আন্তর্জাতিক কার্যক্রম বড় ধরনের ধাক্কার মুখে পড়বে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

এ অভিযানে সহযোগিতার জন্য নাইজেরিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে নিরাপত্তাজনিত কারণে অভিযানের সময়, কৌশল বা নাইজেরিয়ার কোন এলাকায় এটি পরিচালিত হয়েছে—সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি হোয়াইট হাউস কিংবা পেন্টাগন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালেই আবু বিলাল আল-মিনুকিকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন ধরে বোকো হারাম ও আইএস-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীর তৎপরতায় সহিংসতা ও অস্থিতিশীলতা চলছে। এসব গোষ্ঠী মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

নাইজেরিয়ায় জঙ্গিবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা নতুন নয়। এর আগে ২০২৫ সালের বড়দিনে সোকোটো রাজ্যে আইএসের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।

বর্তমানে নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের কয়েকশ বিশেষ সেনা সদস্য মোতায়েন রয়েছেন। তারা মূলত স্থানীয় বাহিনীকে সন্ত্রাসবিরোধী অভিযান, প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদানে সহযোগিতা করছেন।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সর্বশেষ এই অভিযানের মধ্য দিয়ে আফ্রিকায় জঙ্গিবিরোধী তৎপরতায় ওয়াশিংটন ও আবুজার সামরিক সহযোগিতা আরও জোরদার হলো।

সূত্র: আল জাজিরা

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews