ওয়েলসের সিনেড (পার্লামেন্ট) নির্বাচন ২০২৬-এর সব ভোট গণনা শেষ হয়েছে। এবারের নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে Plaid Cymru। তবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি দলটি। একই সঙ্গে নির্বাচনের ফলাফলে ওয়েলসের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের আভাস মিলেছে।
এবারের নির্বাচনে ভোটার উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রায় ১২ লাখ ভোটার অংশ নেন নির্বাচনে। ভোটদানের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৭২ শতাংশ, যা আগের নির্বাচনের তুলনায় অনেক বেশি।
নির্বাচনে প্লেইড কামরি পেয়েছে ৪৩টি আসন এবং মোট ভোটের ৩৫ দশমিক ৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে Reform UK, যারা পেয়েছে ৩৪টি আসন। অন্যদিকে বড় ধাক্কা খেয়েছে Labour Party। দলটি মাত্র ৯টি আসনে জয় পেয়েছে।
ফলাফল অনুযায়ী কনজারভেটিভ পার্টি পেয়েছে ৭টি আসন, গ্রিন পার্টি ২টি এবং লিবারেল ডেমোক্র্যাটরা পেয়েছে ১টি আসন।
নির্বাচনের পর নতুন নির্বাচিত ৯৬ জন সদস্য ওয়েলশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবেন। আগামী ২১ মে’র মধ্যে নতুন অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এরপর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং আগামী ৪ জুনের মধ্যে নতুন ফার্স্ট মিনিস্টার নিয়োগ দিতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন ওয়েলসের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে লেবার পার্টির দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে তাদের ভরাডুবি এবং Reform UK-এর উত্থান নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে।
বিভিন্ন আসনে প্লেইড কামরি শক্ত অবস্থান ধরে রাখলেও বেশ কয়েকটি অঞ্চলে Reform UK উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। কিছু এলাকায় কনজারভেটিভ ও লেবার পার্টির ভোট কমে যাওয়াও আলোচনায় এসেছে।
নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে এখন জোট গঠন ও নতুন সরকার পরিচালনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
বিশ্লেষকদের মতে, এবারের ফলাফল শুধু একটি নির্বাচন নয়; বরং ওয়েলসের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনার নতুন বার্তা বহন করছে।