1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে আটকে ৬ হাজার নাবিক, দ্রুত উদ্ধার চাইল জাতিসংঘ

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

যুদ্ধ ও নিরাপত্তা সংকটে মানবিক বিপর্যয়ের আশঙ্কা; নিরাপদ সরিয়ে নেওয়ার আহ্বান

হরমুজ প্রণালিতে আটকে থাকা প্রায় ৬ হাজার নাবিকের মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, চলমান নিরাপত্তা সংকটের কারণে শত শত জাহাজে কর্মরত এসব নাবিক চরম অনিশ্চয়তা ও মানবাধিকার ঝুঁকির মধ্যে রয়েছেন। তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার টুর্কের বরাত দিয়ে সংস্থাটির মুখপাত্র শাবিয়া মান্তু বলেন, হাজারো নাবিকের দুর্ভোগ লাঘবে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংঘাতে জড়িত সব পক্ষের উচিত আটকে পড়া নাবিকদের নিরাপদে জাহাজ থেকে নামার সুযোগ সৃষ্টি করা এবং তাদের কাছে খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা।

এদিকে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও) জানিয়েছে, হরমুজ প্রণালিতে শত শত জাহাজে অবস্থানরত অন্তত ৬ হাজার নাবিক যুদ্ধবিরতির সময়ও নিরাপদে সরে যেতে পারেননি। তাদের মধ্যে অনেকের সঙ্গে দীর্ঘ সময় ধরে যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও বহু জাহাজ গন্তব্যে পৌঁছাতে পারেনি। সাম্প্রতিক সময়ে নতুন করে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়ায় নাবিকদের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। এ অঞ্চলের অস্থিতিশীলতা শুধু নাবিকদের নিরাপত্তাই নয়, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্র: এএফপি

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews