পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) রাতে আফগানিস্তান সীমান্তবর্তী হাঙ্গু জেলায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশের দাবি, হামলার পর নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১৫ জন হামলাকারী নিহত হয়েছেন।
পাকিস্তান পুলিশের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী এ হামলা চালিয়েছে। পাকিস্তান সরকার টিটিপির সদস্যদের উল্লেখ করতে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ পরিভাষা ব্যবহার করে।
দীর্ঘদিন ধরে টিটিপি পাকিস্তানের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনী, সরকারি স্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।