1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

৪৮ ঘণ্টার মধ্যে ইরানে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: আশঙ্কা বিশেষজ্ঞের

  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক এলমাসরির দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বেনিয়ামিন নেতানিয়াহু এবং নিজের প্রশাসনের যুদ্ধপন্থি কর্মকর্তাদের প্রভাবে রয়েছেন। মূলত এই কারণেই ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা বাড়ছে বলে মনে করছেন তিনি।

তার মতে, ইরান সরকারের কাছ থেকে যে ধরনের নিঃশর্ত আত্মসমর্পণ আশা করেছিল ওয়াশিংটন, তা বাস্তবে ঘটেনি। এছাড়া তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনাও যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী অগ্রসর হয়নি।

অধ্যাপক এলমাসরি আরও বলেন, সম্প্রতি চীনে প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকেও ট্রাম্প প্রত্যাশিত কূটনৈতিক সাফল্য পাননি। ফলে আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক চাপ মোকাবিলায় তিনি নতুন করে শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করতে পারেন।

বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। ইতোমধ্যে যুদ্ধের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে।

তবে এলমাসরি মনে করেন, চলমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই ঝুঁকিপূর্ণ। তার ভাষায়, “এই যুদ্ধ আমেরিকার জন্য একটি প্রকৃত বিপর্যয়ে পরিণত হতে পারে।”

তিনি বলেন, যুদ্ধ বন্ধ করাই ওয়াশিংটনের জন্য সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত হতে পারত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন হয়তো সহজে পিছু হটবে না, কারণ যুদ্ধ থামালে অভ্যন্তরীণভাবে নিজেদের বিজয় দাবি করার মতো শক্ত অবস্থানে তারা নেই।

সূত্র: আল জাজিরা

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews