1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

ঝিনাইদহে সংঘর্ষের ঘটনায় এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬

দেশের চিত্র ডেস্ক

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। এ ঘটনায় এবার ছাত্রদলের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (২৩ মে) ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. এনামুল কবির বাদী হয়ে মামলাটি করেন। এর আগে শুক্রবার রাতে একই ঘটনার জেরে এনসিপির পক্ষ থেকেও ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৮ জনের নাম উল্লেখ করে আরও শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ পৌরসভার পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের সামনে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য দিচ্ছিলেন। এ সময় তিনি বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে ‘কুরুচিপূর্ণ ও মানহানিকর’ মন্তব্য করেন বলে দাবি করা হয়। এতে সাধারণ মুসল্লি ও ছাত্রদল নেতা-কর্মীরা প্রতিবাদ জানালে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

এজাহার অনুযায়ী, প্রতিবাদের একপর্যায়ে এনসিপির নেতা-কর্মীরা ছাত্রদল নেতাদের ওপর হামলা চালান। হামলায় ইট, ধারালো অস্ত্র ও পিস্তলের বাঁট ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে কয়েকজন ছাত্রদল নেতা গুরুতর আহত হন।

ঘটনার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযানও অব্যাহত রয়েছে।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews