দেশের চিত্র প্রতিবেদক
সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর তাঁর আর কোনো আইনগত দায়মুক্তি নেই। ফলে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করা উচিত।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্রে অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করা হলেও পুরো বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে তাঁর জন্য একটি ‘সেফ এক্সিট’ নিশ্চিত করার চেষ্টা রয়েছে বলে মনে হয়। তবে বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে এমন কোনো সুযোগ থাকা উচিত নয়।
আখতার হোসেন বলেন, “মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত করে তাঁকে বিচারের মুখোমুখি করতে হবে। রাষ্ট্রের আইনের কাছে সবাই সমান—এ নীতি প্রতিষ্ঠা করাই এখন জরুরি।”
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে সংঘটিত বিভিন্ন ঘটনার ক্ষেত্রে মো. সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের দাবি রাখে। তাঁর ভাষ্য, এসব অভিযোগের বিচার না হলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি ন্যায়বিচারও অসম্পূর্ণ থেকে যাবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির সদস্যসচিব বলেন, এতদিন রাষ্ট্রপতির সাংবিধানিক পদে থাকার কারণে আইনগত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল। তবে পদত্যাগের পর সেই বাধা আর নেই। তাই দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমীন, যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।