মৌলভীবাজার প্রতিনিধি
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা।
সোমবার (২৭ এপ্রিল) সকালে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরিন সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত শিশু কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাহ হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান এবং সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মাসুম। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জগলুল হায়দার ইকবাল। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মেলার মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজস্ব স্টলে বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট, মডেল ও গবেষণামূলক কাজ উপস্থাপন করছে।
আলোচকরা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিন দিনব্যাপী এ মেলায় ১৪টি স্টল রয়েছে। পাশাপাশি সেমিনার, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞানবিষয়ক আলোচনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।