শিক্ষা ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২১ মে ২০২৬-এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে জমা দিতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভর্তির যোগ্যতা, শর্তাবলি ও পূর্ণাঙ্গ নির্দেশনা সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে। প্রাথমিক আবেদনপত্রে ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের সঙ্গে সকল শিক্ষাগত সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি আবশ্যক। এমফিলের জন্য ১ বছর এবং পিএইচডির জন্য ২ বছরের ছুটির সম্মতিপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী এমফিল ও পিএইচডি ফেলোদের ফেলোশিপ প্রদান করা হবে। তবে চাকরিরতদের ক্ষেত্রে ছুটি শেষ হলে এই সুবিধা প্রযোজ্য হবে না। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।
এছাড়া খণ্ডকালীন (পার্ট-টাইম) গবেষক হিসেবেও ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে বাধ্যতামূলক ছুটি নেওয়ার প্রয়োজন নেই, তবে নির্ধারিত সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করতে হবে। এমফিলের জন্য ৩ থেকে ৬ বছর এবং পিএইচডির জন্য ৫ থেকে ৮ বছরের মধ্যে গবেষণা শেষ করতে হবে।
খণ্ডকালীন গবেষকদের জন্য কোনো স্কলারশিপ বা আর্থিক সহায়তা প্রদান করা হবে না। তবে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এমফিল থেকে পিএইচডিতে উত্তরণের সুযোগ থাকবে।