দেশের চিত্র ডেস্ক
২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, জমা দেওয়া নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে।
তদন্তে এখন পর্যন্ত ঢাকায় ৩২ জন নিহত হওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত কার্যক্রম এখনও চূড়ান্ত পর্যায়ে থাকায় নিহতের প্রকৃত সংখ্যা এ মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছে প্রসিকিউশন।
মামলায় শেখ হাসিনা ও জেনারেল আজিজ আহমেদের পাশাপাশি তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকেও আসামি করা হয়েছে।
এ ছাড়া আসামির তালিকায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরসহ কয়েকজন গণমাধ্যমকর্মী ও বুদ্ধিজীবীর নাম রয়েছে।
প্রসিকিউশন জানিয়েছে, আগামী ২১ জুলাই নির্ধারিত সময়েই তদন্ত প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করা হয়। ওই অভিযানে বহু মানুষের নিহত হওয়ার অভিযোগের ঘটনায় বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলছে।