রাজধানীতে আয়োজিত এক মানববন্ধনে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিশুমৃত্যুর ক্রমবর্ধমান হার এবং নাগরিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব অভিযোগ করেছেন, বর্তমান সরকার নাগরিকদের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
বুধবার (১৩ মে) বিকালে রাজধানীর ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনে ‘শিশুর জীবন ও নিরাপত্তায় নাগরিক মানববন্ধন’ শীর্ষক কর্মসূচির আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও জোন। মানববন্ধনে দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে আরিফুল ইসলাম আদিব বলেন, দেশে শিশুমৃত্যুর হার বর্তমানে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, যা জাতির জন্য অত্যন্ত অশনিসংকেত। তিনি বলেন, “একে অপরকে দোষারোপ না করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। শিশুমৃত্যুর এই ভয়াবহ পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তিনি অভিযোগ করেন, টিকাদান ব্যবস্থার দুর্বলতা এবং স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনার কারণেই দেশে শিশুদের মৃত্যুর সংখ্যা বাড়ছে। একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় এনে বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি।
সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, শুধু স্বাস্থ্যখাত নয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। খুন, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি গাজীপুরে একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যার ঘটনা, রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা এবং দেশব্যাপী চাঁদাবাজির বিস্তার সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে আদিব বলেন, “অন্য বিষয় নিয়ে ব্যস্ত না থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণ এখন নিরাপত্তা চায়, আশ্বাস নয়।”
ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে সরকারকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি। তার মতে, সীমান্তে একের পর এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় সরকারের দৃশ্যমান ও শক্ত অবস্থান প্রয়োজন।
মানববন্ধনে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর বলেন, শিশুদের অস্বাভাবিক মৃত্যুর এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত স্বাস্থ্যসেবা ও কার্যকর টিকাদান ব্যবস্থা নিশ্চিত না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহমেদ, এনসিপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব মাহিন তালুকদার ও মো. ওহিদুজ্জামান সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর আমিন খান ও তৌফিক নিয়াজসহ তেজগাঁও জোন এবং মহানগর উত্তরের বিভিন্ন নেতা-কর্মী।
মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও নাগরিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা বলেন, জননিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থতা দেশের মানুষের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলছে।