1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ২০ লাখ টাকার জিরা লুট: জাসাস নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬

 মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ২০ লাখ টাকা মূল্যের জিরা লুটের ঘটনায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থা (জাসাস)-এর এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে সিলেটের ব্যবসায়ী আফজালুর রহমানের মালিকানাধীন জিরাবাহী একটি কাভার্ডভ্যান শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় পৌঁছালে জাহেদ আলীসহ ৩ থেকে ৪ জনের একটি দল গাড়িটির গতিরোধ করে। পরে তারা চালক ও হেলপারকে প্রাণনাশের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা কাভার্ডভ্যানে থাকা ১৬০ বস্তা জিরা, নগদ ২০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং মালবাহী গাড়িটি ছিনিয়ে নেয়। পরে শহরতলীর উত্তরসুর এলাকায় চালক ও হেলপারকে নামিয়ে দিয়ে তারা মালামালসহ গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী আফজালুর রহমান সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করেন। এরপর শনিবার শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় জাহেদ আলীসহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার এসআই বাবলু পালের নেতৃত্বে পরিচালিত অভিযানে শহরের শাহীবাগ এলাকা থেকে জাহেদ আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি শাহীবাগ এলাকার মৃত নায়েব আলীর ছেলে এবং শ্রীমঙ্গল পৌর জাসাসের আহ্বায়ক কমিটির সাবেক সদস্যসচিব ছিলেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে জেলা জাসাসের আহ্বায়ক মো. শামছুল ইসলাম রাসেল ও সদস্যসচিব জসীম উদ্দিন এক বিবৃতিতে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির অভিযোগে জাহেদ আলীকে এর আগেই শ্রীমঙ্গল পৌর জাসাসের আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews