অনলাইন ডেস্ক
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে বিএনপির ১৮ নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়ে ককটেল সদৃশ বস্তু ও চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (১৭ মে) রাতের কোনো এক সময় উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মধ্যপাড়া এলাকায় বাবলু মিয়ার বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে লাল স্কচটেপ মোড়ানো দুটি ককটেল সদৃশ বস্তু এবং হুমকিমূলক দুটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়দের খবরের ভিত্তিতে গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ও তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ ককটেল সদৃশ বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে বস্তুগুলো পানি ভর্তি বালতিতে রাখা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া চিরকুটে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে ১৮ জনের নাম উল্লেখ রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, তালিকাভুক্ত ব্যক্তিরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই এলাকায় কয়েকজনকে চিরকুটের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল। সর্বশেষ ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বাবলু মিয়া বলেন, “এর আগেও আমাকে কয়েকবার চিরকুট দিয়ে হুমকি দেওয়া হয়েছে। আমি ও আমার পরিবার চরম আতঙ্কে আছি। দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা তারা বলেন, “খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, “লাল টেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”