কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) রাতে কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তসংলগ্ন ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। বিজিবি জানিয়েছে, সীমান্তের প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে তিনি নিহত হন।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাতে তারা মিয়াসহ চার-পাঁচজন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বিএসএফের টহল দল তাদের গতিরোধের চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন।
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, নিহত তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় চোরাচালানের একটি মামলা রয়েছে।
তিনি জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
ঘটনার প্রকৃত পরিস্থিতি, বিএসএফের গুলি চালানোর কারণ এবং সীমান্তে ওই বাংলাদেশি যুবকদের প্রবেশের বিষয়ে আরও তথ্য সংগ্রহের কাজ চলছে।