আন্তর্জাতিক ডেস্ক
ভারতের রাজধানী দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাড়ির সামনে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেত্রী দোলা সেন ও নেতা ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
খবরে বলা হয়, দিল্লি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ধর্না প্রত্যাহার করে সরে যেতে বলেন। তবে পুলিশের নির্দেশের পরও মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের অন্য নেতাকর্মীরা সেখানে অবস্থান অব্যাহত রাখেন। পরে তাদের আটক করা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে আটকের বিষয়ে দিল্লি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য, আটকের পর তাদের কোথায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ কী এসব বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।