আন্তর্জাতিক ডেস্ক
চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে পাকিস্তান ও আফগানিস্তান। সীমান্তজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আফগান তালেবান প্রশাসনের দাবি, সোমবার পূর্বাঞ্চলের কুনার প্রদেশে পাকিস্তান হামলা চালিয়েছে। এতে অন্তত চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তানের কর্মকর্তারা অভিযোগ করেছেন, দক্ষিণ ওয়াজিরিস্তানে গোলাগুলিতে অন্তত তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
তালেবান কর্তৃপক্ষ জানায়, কুনারের রাজধানী আসাদাবাদে গোলাবর্ষণে সায়িদ জামালউদ্দিন আফগানি বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শিক্ষার্থী, নারী ও শিশুসহ অনেকেই আহত হয়েছেন।
তালেবানের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত অভিযোগ করেন, পাকিস্তান সেনাবাহিনী মর্টার ও রকেট হামলা চালিয়েছে, যাতে প্রায় ৪৫ জন আহত হন। তিনি এই হামলাকে বেসামরিক জনগণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর আঘাত হিসেবে নিন্দা জানান।
তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, বিশ্ববিদ্যালয়ে কোনো হামলা চালানো হয়নি এবং অভিযোগগুলো ‘ভিত্তিহীন’।
এদিকে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর এক মুখপাত্র দক্ষিণ ওয়াজিরিস্তানের সংঘর্ষকে যুদ্ধবিরতির পর সবচেয়ে গুরুতর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, গত মার্চে কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি অভিযোগ সেই সমঝোতা টেকসই হওয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।