1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

‘আওয়ামী লীগ আবারও নির্বাচনে ফিরতে পারে’- তৌহিদ হোসেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
দেশের চিত্র ডেস্ক

সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন মনে করেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে হারিয়ে যায়নি; বরং দলটি আগামী জাতীয় নির্বাচনেই অংশ নিতে পারে। দেশের মানুষের রাজনৈতিক স্মৃতিশক্তি দীর্ঘস্থায়ী নয় বলেও মন্তব্য করেন তিনি।

যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালনকালে একাধিকবার পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে সরকার তাকে বোঝায়, সে সময়ে তার সরে দাঁড়ানো বড় ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারত।

জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ‘ডিপস্টেট’ বা অদৃশ্য শক্তির ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন বলেন, বিশ্ব রাজনীতির নানা ঘটনাতেই এমন প্রভাবশালী গোষ্ঠীর উপস্থিতি থাকে। তবে তারা সাধারণত পরিস্থিতির স্রোতের বিপরীতে না গিয়ে অনুকূলে থেকেই প্রভাব বিস্তারের চেষ্টা করে।

সাক্ষাৎকারে তিনি সরকারের অভ্যন্তরে একটি প্রভাবশালী ‘কিচেন কেবিনেট’-এর অস্তিত্বের কথাও উল্লেখ করেন। তার দাবি, এই গোষ্ঠী নিয়মিত বৈঠকের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচিত বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এ প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা ছিল না। বিষয়টি মূলত বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দেখভাল করেছিলেন। তার মতে, বিশেষ কোনো জরুরি প্রয়োজন না থাকলে এমন সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়াই যুক্তিযুক্ত হতো।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা-কে ফেরত চেয়ে পাঠানো চিঠি প্রসঙ্গে তিনি বলেন, ভারত ইতিবাচক সাড়া দেবে—এমন প্রত্যাশা তার ছিল না।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews