দেশের চিত্র ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছেন। আওয়ামী লীগের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদ বিএনপি নেতাকর্মীদের দখলে রয়েছে বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় নির্বাচন নিয়ে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, সরকার বিরোধী দলের কর্মকাণ্ড পর্যবেক্ষণে গোয়েন্দা সংস্থাগুলোকে সক্রিয় রাখলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ড নিয়েও সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।
তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলনের জন্য সরকারের ব্যর্থতা ও বিএনপির ভূমিকার সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। তার দাবি, সময়মতো সিদ্ধান্ত নিতে না পারা এবং গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণে শিল্প খাতে অস্থিরতা তৈরি হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, গত আট মাসে বিএনপির সরকার পরিচালনার ব্যর্থতা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। শ্রমিক আন্দোলনে বিরোধী দল হিসেবে বিএনপির পূর্ববর্তী ভূমিকা এবং বর্তমানে শ্রমিকদের সঙ্গে আচরণের মধ্যেও অসংগতি রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান নাহিদ ইসলাম। সরকারের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং শ্রমিকদের কল্যাণে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।