আওয়ামী লীগ ফিরলে প্রথম আঘাত আসবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী
আপডেট টাইম :
শনিবার, ১৬ মে, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ পেলে তাদের প্রথম লক্ষ্য হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৬ মে) রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শেখ হাসিনা উঁকিঝুঁকি মারছেন, আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করছে। আমরা সরকারকে সতর্ক করে বলতে চাই, শেখ হাসিনা যদি দেশে ফিরতে পারেন, তাহলে প্রথম আঘাত আসবে তারেক রহমানের ওপর।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের ইতিহাস জানা উচিত। অতীতে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। ইতিহাস থেকে শিক্ষা না নিলে একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।”
আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা একই রাজনৈতিক ফ্রন্টে আন্দোলন করছি। তাই আওয়ামী লীগের সঙ্গে আপস না করাই উচিত।”
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, “উন্নয়নের নামে নানা ধরনের কার্ড দেওয়া হচ্ছে। কিন্তু জনগণ যদি তার সুফল না পায়, তাহলে আমরাও ‘লাল কার্ড’ দেখাতে বাধ্য হব।”
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। জনগণ ভোটের মাধ্যমে যে ম্যান্ডেট দিয়েছে, তা উপেক্ষা করা হলে জনগণও কঠোর জবাব দেবে।”
ফারাক্কা লংমার্চ দিবসের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “মওলানা ভাসানী ভারতের বিরুদ্ধে পানির ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন করেছিলেন। যারা আজ তার রাজনৈতিক প্রতীক ব্যবহার করছে, তাদেরও সেই আদর্শ অনুসরণ করা উচিত।”
অনুষ্ঠানে এনসিপি নেতা সারজিস আলম বলেন, “খালেদা জিয়া ও জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার থেকেই তারেক রহমান নেতৃত্বের জায়গায় এসেছেন। তবে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে আমাদের শঙ্কা রয়েছে।”