1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

গ্রাম পর্যায়ে পৌঁছাবে হৃদরোগ চিকিৎসা, মোবাইল ইউনিট চালুর ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

 ঢাকা/ প্রতিনিধি

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, ভ্রাম্যমাণ মেডিকেল ও সার্জিক্যাল ইউনিটের মাধ্যমে হৃদরোগসহ জটিল রোগের চিকিৎসাসেবা গ্রাম পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। এতে সাধারণ মানুষ নিজ এলাকার কাছেই বিশেষায়িত চিকিৎসা সেবা পাবে।

বুধবার সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চীন-বাংলাদেশ স্বাস্থ্য সহযোগিতার অংশ হিসেবে অত্যাধুনিক ‘মোবাইল মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইউনিট’ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্যে কাজ চলছে। এই মোবাইল ইউনিট উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সরকারি হাসপাতালের সেবা সাধারণ মানুষের চাহিদার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. মুহিত আরও বলেন, দেশে অসংক্রামক রোগ, বিশেষ করে হৃদরোগে মৃত্যুর হার বেশি। এই মোবাইল ইউনিট শুধু ঢাকা নয়, বরং প্রত্যন্ত এলাকাতেও চিকিৎসাসেবা পৌঁছে দিতে সহায়ক হবে। পাশাপাশি এটি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

তিনি স্বাস্থ্য খাতে দুর্নীতি, তদারকির অভাব ও পরিকল্পনার ঘাটতির কারণে অতীতে ক্ষতির কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার ও পুনর্গঠনে কাজ করছে। হাসপাতাল সম্প্রসারণ, চিকিৎসা গবেষণা এবং জনবল প্রশিক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতের অগ্রাধিকার নির্ধারণ করে দ্রুত স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে, যাতে জনগণের জরুরি স্বাস্থ্যসেবা চাহিদা দ্রুত পূরণ করা যায়।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2025-2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews