সিলেট প্রতিনিধি
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। সকাল থেকেই পুরো ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে নববর্ষ উদ্যাপন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন এর সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাঙালি ঐতিহ্যের নানা প্রতীক বহন করেন। মাছ, তরমুজ, ডাকটিকিটের বক্স, হাতপাখাসহ গ্রামীণ ও লোকজ সংস্কৃতির নানা উপকরণ শোভাযাত্রাকে করে তোলে রঙিন ও আকর্ষণীয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিক্ষাভবন এর সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে ক্যাম্পাসে বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় ছিল নানা ধরনের লোকজ পণ্যের স্টল, খাবার এবং সাংস্কৃতিক উপস্থাপনা, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। দিনব্যাপী এই আয়োজন নববর্ষের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তোলে।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নববর্ষ হোক নতুন প্রত্যয়ের সূচনা, যাতে তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষাজীবনে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পড়ালেখা ও সহশিক্ষা কার্যক্রমে একে অপরকে সহায়তা করা উচিত।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ আমাদের নতুন করে শুরু করার প্রেরণা দেয়। তিনি বলেন, “আমরা পুরোনো খাতা বন্ধ করে নতুন খাতা উন্মোচন করি এটাই নববর্ষের মূল বার্তা।” অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে কাজ শুরু করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের খেটে খাওয়া মানুষের অবদানের কথা স্মরণ করে তিনি শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় আয়োজক কমিটির সভাপতি ও ছাত্র উপদেশ নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামও বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ইফতেখার রহমান।
সব মিলিয়ে শাবিপ্রবিতে বাংলা নববর্ষ উদ্যাপন ছিল আনন্দ, ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা, যা অংশগ্রহণকারীদের মধ্যে নতুন বছরের উদ্দীপনা ছড়িয়ে দেয়।